কুমিল্লার সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হ*ত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে এসেছে তার কক্সবাজার যাওয়ার নেপথ্যের তথ্য।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের মাত্র ১৭ দিনের মাথায় কক্সবাজারের একটি আবাসিক হোটেলের কর্মচারী রাজু চৌধুরীর প্রেমের টানে কক্সবাজারে যায় তাজমিন। সেখানে তারা দুজন তিন দিন অবস্থান করে।
গত ৭ অক্টোবর দুপুরে তাজমিনের জন্য কুমিল্লাগামী আইকনিক এক্সপ্রেস বাসের টিকিট কেটে তাকে বিদায় জানান রাজু। ওই দিন রাত পৌনে ১২টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস থেকে নামে তাজমিন। সেখান থেকে রেসকোর্স এলাকার বাসায় যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সে।
পথে অটোরিকশাচালক সুমন মিয়া তাকে নির্জন স্থানে নিয়ে ধ*র্ষণের পর শ্বাসরোধে হ*ত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে কুমিল্লার লালমাই উপজেলার একটি ধানখেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় প্রধান অভিযুক্ত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তার করেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তিনি হ*ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যদিকে, হোটেলকর্মী রাজু হ*ত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। পুরো ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি