সৈয়দপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ প্লাস সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে শহরের বন্ধন কনভেনশন হলে সামাজিক সংগঠন ‘সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন অব সৈয়দপুর’ (সোস)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যে অনুপ্রাণিত করতে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোসফেক উল হাসান লুমেন এবং দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. শাহনাজ ফারজানা আফরোজ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডা. সাজেদুল ইসলাম সাজু।বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জিপিএ-৫ পাওয়ার এই ধারাবাহিকতা আগামীতেও ধরে রাখতে হবে। উচ্চশিক্ষার পাশাপাশি নিজেদের ভালো মানুষ ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তাঁরা।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সাহাবাজ উদ্দিন সবুজ, মোর্শেদ আলম ও শিল্পী আক্তার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান স্বাধীন।আলোচনা পর্ব শেষে উপস্থিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। আয়োজক সংগঠন ‘সোস’-এর পক্ষ থেকে মেধাবী এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জন এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও সব ধরণের সহায়তা প্রদান অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি