মাদক, জুয়া ও ক্যাসিনোবিরোধী অবস্থানের কারণে হামলার শিকার লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর ও ৪১তম বিসিএস নন-ক্যাডার কর্মকর্তা আরিফুল ইসলাম মারা গেছেন।
শনিবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত ১ আগস্ট কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আরিফুলের ওপর হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল।
আরিফুলের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এর আগে মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকায় মানববন্ধন করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মাদক, জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে কথা বলার কারণেই পরিকল্পিতভাবে আরিফুলের ওপর হামলা চালানো হয়।
শনিবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। ক্ষুব্ধ লোকজন অভিযুক্তদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ জানান, চারটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।
স্থানীয়রা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে হামলার পেছনে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি