শিক্ষার আলো যেন কোনো শিক্ষার্থীর জীবন থেকে নিভে না যায় – এই মানবিক অঙ্গীকার থেকে নীলফামারী সদর উপজেলার বাহালীপাড়ার এক শিক্ষার্থীকে সাইকেল প্রদান করেছে জেলা প্রশাসন।
আর্থিক অসচ্ছলতা ও পারিবারিক প্রতিকূলতার মধ্যেও অধ্যবসায়ের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাচ্ছে নীলফামারী সদর উপজেলার বাহালীপাড়া এলাকার শিক্ষার্থী ফেরদৌস ইসলাম। স্কুলে যাতায়াতের কষ্ট লাঘব এবং তার শিক্ষাজীবনে নতুন প্রেরণা জোগাতে তাকে একটি সাইকেল প্রদান করেন নীলফামারীর মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফেরদৌসের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এসময় জেলা প্রশাসক বলেন, “একজন শিক্ষার্থীর স্বপ্নকে এগিয়ে নিতে সময়োপযোগী সহায়তা ভবিষ্যতের একটি সম্ভাবনাময় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা প্রশাসন শিক্ষার্থীদের পাশে আছে এবং থাকবে।”
ফেরদৌস ইসলাম বলেন, “সাইকেল পেয়ে আমি খুব খুশি। এখন সহজে স্কুলে যেতে পারবো। জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ।”
এসময় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি