এম, এ খালেক সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারী জেলার সৈয়দপুর শহরের দীর্ঘদিনের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় শুরু হতে যাচ্ছে জলাভূমি ও খাল পুনরুদ্ধারের এক বিশেষ কার্যক্রম। ইটস হিউম্যানিটি ফাউন্ডেশন (IHF), কমার্শিয়াল ব্যাংক অব সিলন এবং সৈয়দপুর পৌরসভা-র যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান ও পুনরুদ্ধার কর্মসূচি পরিচালিত হবে।শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখা এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে পৌরসভার বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বর্জ্য ও পলি জমে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন ও পরিষ্কার করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।পরিকল্পিত এই পুনরুদ্ধার কার্যক্রমে তিনটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।প্রথমত, শহরের মধ্য দিয়ে প্রবাহিত খালের বর্জ্য অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা।দ্বিতীয়ত,পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষিত জলাভূমিগুলো পরিষ্কার করার মাধ্যমে একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা।তৃতীয়ত, দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে পানিবাহিত রোগ ও মশার উপদ্রব কমিয়ে স্থানীয় মানুষের স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা।পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শীঘ্রই এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধিরা জানান, এই উদ্যোগ কেবল সাময়িক পরিচ্ছন্নতা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী টেকসই সমাধানের অংশ।এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই পরিকল্পিত উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে সৈয়দপুর শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং একটি পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে উঠবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি