নীলফামারীতে অটোরিকশা চুরি প্রতিরোধে চালকদের নিয়ে বিট পুলিশিং
নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে অটোরিকশা চুরি প্রতিরোধে চালকদের নিয়ে বিশেষ জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড় ও পরবর্তীতে কোর্ট চত্বরে অটোরিকশা/অটোবাইক চালকদের নিয়ে এই সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।
সভায় চোরেরা কিভাবে বিভিন্ন কৌশলে অভিনব কায়দায় (Modus Operandi) অটোবাইক চুরি করে সে বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় চালকদের নিরাপত্তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়। কোনো অপরিচিত ব্যক্তি রিজার্ভ ভাড়া নিয়ে গেলে তার ছবি ও মোবাইল নম্বর গ্রুপে আপলোড করতে বলা হয়। একই সাথে রিজার্ভ ভাড়ায় কোথায় যাচ্ছেন সেই তথ্যটি কয়েকজন সহকর্মী চালককে জানিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়। যাতে চুরির ঘটনা ঘটলে উক্ত ছবি ও মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ সহজে চোরচক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারে।
পরে চালকদের মাঝে চুরি প্রতিরোধ সংক্রান্ত পরামর্শ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং উক্ত পরামর্শ অন্য চালকদের মাঝে ছড়িয়ে দিতে বলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, সদর থানার মোবাইল টিমের ইনচার্জ এসআই মনির হোসেনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
জেলা পুলিশ জানায়, নীলফামারী সদর ও জলঢাকা থানার সকল ইউনিয়ন/বিটে অবস্থিত একাধিক অটো স্ট্যান্ডে বিট অফিসাররা এই জনসচেতনতামূলক সভা করছেন। প্রতি সপ্তাহে প্রত্যেক বিটে একাধিক স্থানে এ কার্যক্রম চলবে এবং পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানাতেও এটি বাস্তবায়ন করা হবে।
#নীলফামারী #জেলা_পুলিশ #বিট_পুলিশিং #অটোরিকশা_চুরি #জনসচেতনতা #চৌরঙ্গী_মোড় #পুলিশ_মিডিয়া_সেল #NilphamariPolice
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি