শনিবার ভোরে প্রথম আক্রমণেই নিহত হন খামেনি
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান। আজ রোববার সকালে ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এই খবর প্রচার করা হয়। ওই সূত্রের বরাতে খবর বিবিসি ও সিএনএনের।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি আজ সকালে জানায়, ‘ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন’।
এর আগে খামেনি নিহত হওয়ার খবর জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইতিহাসের নিকৃষ্ট ব্যক্তিদের একজন খামেনি মারা গেছেন।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি গতকাল শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে ইরানে আজ রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
খামেনির সঙ্গে নিহত পরিবারের ৪ সদস্য
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে তাঁর মেয়ে, জামাতা এবং নাতিও নিহত হয়েছেন।
ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত ফার্স নিউজ এজেন্সির মতে, খামেনির এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আলী শামখানি এবং আইআরজিসির পাকপুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরান।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত হয়েছেন।
সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।
খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন দায়িত্বে প্রেসিডেন্টসহ তিন জনইরান ঘোষণা দিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং অভিভাবক পরিষদের একজন আইনবিদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন।
ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্ট এখন খামেনির উত্তরসূরি নিয়োগে উদ্যোগ নেবে। সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব এটি করতে হবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে জ্যেষ্ঠ নেতাদের এক জায়গায় জড়ো করাটা ইরানের জন্য কঠিন হবে।
এর আগে রুহুল্লাহ আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Leave a Reply