সৈয়দপুরে অপরিপক্ব আম বিক্রির দায়ে এক ফল ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে শহরের ১ নম্বর রেলঘুমটি এলাকায় অবস্থিত ‘মিতু ফল ভান্ডার’-এ অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। এসময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে দোকানের মালিক মো. মাকসুদ আলম আম ক্রয়ের বৈধ রশিদ দেখাতে ব্যর্থ হন এবং অপরিপক্ব আম কেনাবেচার বিষয়টি স্বীকার করেন। এ অপরাধে তাকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জব্দকৃত আম জনসম্মুখে ধ্বংস করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অপরিপক্ব বা ক্ষতিকর খাদ্যপণ্য বাজারজাত করতে দেওয়া হবে না।নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. সিহাব উদ্দিন জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি